আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে কেবল বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী যখন কোনো আসামি পাসপোর্টের আবেদন করেন, এর পাঁচ বছরের মধ্যে যদি তিনি দণ্ডিত হন এবং সেই দণ্ডের পরিমাণ যদি সর্বনিম্ন দুই বছর হয়, তাহলে পাসপোর্ট অথরিটি তার অনুকূলে কোনো পাসপোর্ট ইস্যু করবে না। আইনের আর্টিকেল ৭-এ বলা হয়েছে, কোনো দণ্ডিত ব্যক্তির মোরাল টার্পিচ্যুডের (নৈতিক স্খলন) কারণে তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল টার্পিচ্যুড বা নৈতিক স্খলনজনিত অপরাধ বলা হয়। সংগত কারণে সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। তাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার আর কোনো এখতিয়ার পাসপোর্ট অথরিটির নেই।’
তিনি বলেন, ‘অনেকেই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেন যে হাসিনার দেশে আসার অধিকার আছে। একজন সাধারণ নাগরিকের বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার এবং বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র থেকে দেশে প্রবেশের অধিকার আছে। আমাদের সংবিধানের ৩৬ অনুচ্ছেদ নাগরিককে সেই অধিকার দিয়েছে। কিন্তু এই অনুচ্ছেদ কখনোই কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তির বেলায় প্রযোজ্য নয়। শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত হওয়ার আগ থেকেই পলাতক জীবনযাপন করছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম গৃহীত হয়েছে এবং দেশে এসে মামলাগুলো মোকাবিলা করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে; কিন্তু তিনি এগুলো এড়িয়ে গেছেন। পাসপোর্ট আইনের আর্টিকেল ৬-এ বলা হয়েছে, কোনো আসামি যদি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এড়িয়ে যান অথবা পলাতক থাকেন, তাহলেও তার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবে না।’
আমিনুল ইসলাম বলেন, ‘আমরা শেখ হাসিনাকে বলতে চাই, যদি সত্যিকার অর্থে আসতে চান, তবে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুন এক্সট্রাডিশন চুক্তির আওতায় আপনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটিই হবে আপনার জন্য সঠিক পন্থা। অন্য কোনোভাবে পায়ে হেঁটে বা উড়োজাহাজে করে চলে আসবেন, অথবা ট্রাভেল পাস চাইবেন—এসব মশকরা করার সুযোগ নেই। জাতির সঙ্গে আপনি দীর্ঘদিন প্রতারণা করেছেন। যেখানে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, প্রায় ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছেন, আপনার বিরুদ্ধে শতাধিক মামলা বিচারাধীন আছে এবং আপনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ফেরারি আসামি।
তিনি আরও বলেন, ‘আপনি আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এ দেশ থেকে পালিয়েছেন। নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন, তাদের বিষয়টি চিন্তা করেননি। এখন তাদের আরো বিপদে ফেলার জন্য এ জাতীয় অপতৎপরতা করলে দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন। আমি আবারো বলছি, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এবং তার আসার আইনগত কোনো সুযোগ নেই। যদি আসেন, তবে এক্সট্রাডিশন চুক্তির আওতাতেই আসতে হবে। এখন যেসব তৎপরতা চালাচ্ছেন, তা কেবলই তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


