জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।
জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা আমার দেশকে বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তিনি তাৎক্ষণিক বুঝতে পারেননি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন জোহা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

