রাজধানর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানোর মামলায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্য মোবারক হোসেন ও রবি রায় এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
এদিন তাদের দু'জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে, রিমান্ডের নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের নেয়ার আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কিশোর গ্যাং এর সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। ওই সময় মকবুল ও তার স্ত্রী নাসরিন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের প্রকাশ্যে রামদা দিয়ে কোপায়। এ ঘটনায় মঙ্গলবার সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী নাসরিন আকতার।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে এলোপাথাড়ি কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে তাদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এক পর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে ফেলে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

