দনিয়া কলেজ শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় ৬ আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার

দনিয়া কলেজ শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় ৬ আসামি রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় কিং মাহফুজ সহ ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ ও কাইয়ুম হোসেন নয়ন।

অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামি মোঃ মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক, মোঃ কাওছার মিয়া ও শাহ আলমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়াও রিমান্ড চাওয়া অপর আসামি সোহান মিয়া আঠারো বছরের কম থাকায় তাকে শিশু আদালতে প্রেরণ করা হয়।

এদিন আসামিদের আদালতে তোলার সময় নিহত মিনহাজের সহপাঠীরা আসামি কিং মাহফুজসহ সাত জনে জুতাপেটা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিদের আদালতে তোলেন। এরপর শুরু হয় রিমান্ড শুনানি। এর আগে ৩১ জানুয়ারি পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, নিহত মিনহাজ যাত্রাবাড়ীর দনিয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২৬ জানুয়ারি কলেজটির সাংস্কৃতিক অনুষ্ঠানে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তাঁর বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মিনহাজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মিনহাজের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নাম উল্লেখসহ মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...