পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ ৮ আসামির বিরুদ্ধে আগামী ৫ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের এ তারিখ ঠিক করেন।
এদিন আরাভ খানের আইনজীবী রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলা রাষ্ট্রপক্ষে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দেন।
আলোচিত এ মামলার অপর আসামিরা হলেন, রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, ইমরানের বন্ধু রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা।
আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক। আন্নাফী ও মাইশা জামিনে আছেন এবং অপর আসামিরা কারাগারে রয়েছেন। আন্নাফী ও মাইশা ১৮ বছরের কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

