হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ

স্টাফ রিপোর্টার

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ
ফাইল ছবি

জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের করা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আজ সোমবার শুরু হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসালম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচাররিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নুর মোহাম্মদ শাহারিয়ার কবির।

বিজ্ঞাপন

এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিষয়ে যাবতীয় তথ্য-উপাত্তসহ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এর আগে, গত ২৩ এপ্রিল এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ১৯ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন। শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো— আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে ‘আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে একমত পোষণ করা, ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি মিটিং করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্র এবং ছয়জনকে হত্যা।’

জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা এ মামলায় হানিফসহ চারজন আসামি। চার আসামিই পলাতক। এ মামলার অপর তিন আসামি হলেনÑকুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনু্ষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন