এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানি মামলা
টাইমস মিডিয়া লিমিটেড ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। ফাইল ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক।

বিজ্ঞাপন

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটি করেন লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। তিনি বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত রয়েছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম এবং নিউজ রিপোর্টার জাহিদ হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ এবং রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদনে বাদী মো. আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত করে এবং বক্তব্যের কিছু অংশ কেটে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার আবেদনে আরো বলা হয়, গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল ২৪ আবারও এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।

তবে বাদীর দাবি, তাকে সাময়িক বরখাস্ত করার সঙ্গে চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা-২০১৭ অনুযায়ী তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগ আনা হয়। বিভাগীয় মামলার তদন্তের স্বার্থেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

মামলার আবেদনে আরিফুল ইসলাম বলেন, চ্যানেল ২৪-এর প্রতিবেদনের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। প্রতিবেদনে তার বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগের প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন তিনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন