অর্থপাচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিমের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
তিনি বলেন, এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। আমরা অব্যাহতি চেয়ে আবেদন করি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের কোন উপাদান না থাকায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মতিঝিলের ইউনাইটেড এন্টারপ্রাইজ এবং করপোরেশনের অফিসে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগ পায় র্যাব। সংবাদ পেয়ে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) এবং ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৭ ও ৩০ ধারায় অভিযোগ এনে মামলা করে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

