ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে

ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল হক রিমান্ডে

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়া থানায় ভ্যান চালক তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই থানায় শাকিল আনোয়ার নামে এক চাকরিজীবীকে হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এসব আদেশ দেন। 

এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আসামি আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর শাকিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আসামি এনামুরকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুলের চার দিনের রিমান্ড, একই সাথে পুলিশের আবেদনের পেপ্রেক্ষিতে ড. এনামুরকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নাসিম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানা এলাকায় ভ্যান গাড়িতে করে তরকারি বিক্রি করতেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আন্দোলনে চলাকালে সময়ে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিন শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শাকিল হত্যা অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শাকিল আনোয়ার। ঐ দুপুর আড়াইটার দিকে ১-১০ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচণায় অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া দিয়ে আন্দোলকারীদের মারধর ও গুলি করে। এতে শাকিলের কপালে ও চোখের বিভিন্ন অংশে গুলি লাগে। তাকে উদ্ধার শেখ ফজিলাতুন্নেছা মেডিকেলে হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আনিসুল হক নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপরে তিনি কারাগারে আটক রয়েছে।

এছাড়া চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকেএনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনিও কারাগারে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন