দেড় দশক আগে যাত্রা শুরু হলেও এ বছরই প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজন্য ট্রাইব্যুনাল আইনের কার্যবিধিতে সংশোধন আনা হয়েছে। প্রথম দফায় ছুটি থাকছে আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত।
মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, দেড় দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হলেও অন্য সব আদালতের মতো অবকাশ ছিল না। এই প্রথমবার অবকাশে যাচ্ছে ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ট্রাইব্যুনাল বন্ধ থাকবে। বন্ধের মধ্যে রুটিন কাজ হবে, স্বাভাবিক কাজ হবে না।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধির সংশোধন করা হয়। সংশোধনীতে বলা হয়েছে, ট্রাইব্যুনাল আইনের কার্যবিধির ৫৯ (এ) ধারায় ‘অবকাশ’ সংযোজিত হবে।
৫৯ (এ) ধারায় চারটি উপধারা যুক্ত করা হয়েছে। এসব উপধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল ও রেজিস্ট্রি প্রতিবছরের ১ জুলাই থেকে ২০ জুলাই এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশ পালন করবে। অবকাশকালীন ট্রাইব্যুনালের কার্যক্রম কমপক্ষে একজন সদস্য অথবা চেয়ারম্যানের মাধ্যমে অব্যাহত থাকবে। অবকাশকালে দায়িত্ব পালনকারী চেয়ারম্যান বা সদস্য বছরের অন্য যেকোনো মাসে একই সময়সীমার অবকাশ ভোগ করতে পারবেন।
কার্যবিধির সংশোধনীতে আরো বলা হয়েছে, ট্রাইব্যুনালের কর্মকর্তা ও অন্যান্য কর্মচারী অবকাশকালীন সময়ে পালাক্রমে দায়িত্ব পালন করবে। অবকাশের সময় কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব বণ্টন করবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা রেজিস্ট্রার। জুলাই ও ডিসেম্বরে উল্লিখিত অবকাশ ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারপতিরা অন্যান্য যেসব ছুটি ও সরকারি অবকাশ ভোগ করে, সেসবও ভোগ করতে পারবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যরা।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

