জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ রোববার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে ২২ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এছাড়া ভিডিও, ডকুমেন্টরি, লাইভ অ্যাভিডেন্সসহ যাবতীয় দলিল-প্রমাণ উপস্থাপন করা হবে।
গত ১২ জানুয়ারি সালমান-আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

