পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ, ছেলে রাহিব সাফওয়ান সারাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সারাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতিসহ ক্ষমতার অপব্যবহার প্রায় ৮শ ৮৭ কোটি টাকা আত্মসাতে অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে রেকর্ডপত্র পর্যালোচনায় চৌধুরী নাফিজ সরাফাত, তার স্ত্রী সন্তানের নামে এবং তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। যা তাদের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গগতিপূর্ণ। এছাড়া বিপুল পরিমাণ লেনদেন মানিলন্ডারিং এর উদ্দেশ্যে করা হয়েছে বলে অনুসন্ধানে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তারা এসব টাকা হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার বিভিন্ন প্রচেষ্টা করছেন, যা গোপন সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহ দ্রুত অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত নাফিজ সারাফত, আঞ্জুমান আরা শহীদ, রাহিব সাফওয়ান সারাফাতের নামে থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এছাড়া নাফিজ সারাফত ও আঞ্জুমান আরা শহীদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়। এরপর ২২ জানুয়ারি নাফিজ সারাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ একই আদালত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

