জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার ইডেন কলেজের সামনে গুলিতে ইলেকট্রিশিয়ান শাওন সিকদার হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে বুধবার শুনানির দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য জানান।
মোহাম্মদ শাওন সিকদার হত্যা মামলায় অভিযোগ, গেল বছরের ১৯ জুলাইয়ে বিকেলে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন।
এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে আত্মীয় পরিচয়ে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

