বিচারকের অপসারণ চেয়ে আদালত কক্ষের সামনে আইনজীবীদের আন্দোলনে বন্ধ হয়ে গেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচার কাজ। রোববার সকালে আইনজীবীদের আন্দোলনের মুখে এজলাসেই ওঠেননি ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম। এতে করে থমকে যায় বিচার কার্যক্রম।
আদালত সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সামনে বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। এদিন আন্দোলন চকাকালে আদালতের খাস কামরায় অবস্থান করছিলেন ওই বিচারক।
এ নিয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মিরাজ উদ্দিন শিকদার জানান, গত বৃহস্পতিবার জামিন নামঞ্জুর করায় আসামি পক্ষের আইনজীবীরা বিচারককে উদ্দেশ করে ক্ষোভ ঝাড়েন। পরে বিচারক এজলাস কক্ষ ত্যাগ করে খাস কামড়ায় চলে যান। একই ঘটনায় আজ আবারও আইনজীবীরা বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে এজলাসেই ওঠেননি বিচারক।
বিষয়টি নিয়ে অভিযোগ করে আসামি পক্ষের সেই আইনজীবী শামসুজ্জামান দীপু বলেন, বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ বিষয়ে অবগত রয়েছেন। এসব কারণে সাধারণ আইনজীবীরা সাইবার ট্রাইব্যুনাল বয়কট করেছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে ওই আদালতের স্টাফরা জানান, সংশ্লিষ্ট ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে তার অনুপস্থিতিতে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগে ওই আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সপ্তাহ ব্যবধানে আবারও তার জামিন চাইলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুর হওয়ায় আদালত কক্ষে অশোভন আচরণ করলে এজলাস ত্যাগ করেন বিচারক।
আন্দোলনরত আইনজীবীরা অভিযোগ করে বলেন, ট্রাইবুনালের এই বিচারক নিয়মিত আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে অশোভন আচরণসহ দুর্ব্যবহার করেন। একজন বিচারকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত না। প্রতিনিয়ত তিনি ক্ষমতার অপব্যবহার করেন এমন অভিযোগ করে তার অপসারণের দাবি জানান বিক্ষুব্ধ আইনজীবীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

