জুলাই বিপ্লবে চট্রগ্রামে মানবতাবিরোধী অপরাধ

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার

শহীদ ওয়াসিম হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই বিপ্লবে নিহত ওয়াসিম: ফাইল ছবি

জুলাই বিপ্লবে চট্টগ্রামে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসালম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি করবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। প্যানেলের অপর সদস্যরা হলেন— বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার করিব শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এরআগে গত ১৩ মে পলাতক পলাতক বিবেচনায় ১৭ আসামির পক্ষে রাষ্ট্রিয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ৪ জনু দিন ধার্য করা হয়।

এই মামলায় মোট ২২ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার রয়েছে। তারা হলেন— চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম,দেবাশীষ পাল দেবু ও মো. ফিরোজ। আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল ছাড়া পলাতক অপর আসামিরা হলেন— চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।

গত ৩ মে পলাতক ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

এই মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রথম অভিযোগ—২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক হত্যা। দ্বিতীয় অভিযোগ—২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা। তৃতীয় অভিযোগ—শতাধিক মানুষকে গুরুতর আহত করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন