আগামী এক বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের ট্রাইব্যুনালে ইতোমধ্যে ছয়টি মামলার বিচার শেষ হয়েছে। এর মধ্যে আমি যোগদানের আগে তিনটি এবং পরে তিনটি মামলার রায় হয়েছে। এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচারকাজ শেষ করতে পারাটা অত্যন্ত দ্রুততম বিষয়। পাশাপাশি শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগুলো সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর চেয়েও যদি দ্রুত বিচার করা হয়, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিতে পারে। তাই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।’
বিচারের শেষ পর্যায়ে থাকা মামলাগুলোর আপডেট জানিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, ‘চলতি মাসেই আমাদের আরও প্রায় তিনটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রয়েছে। ওবায়দুল কাদেরের একটি মামলায় যুক্তিতর্কের শুনানি চলছে। এ ছাড়া মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে, যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।’
যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া বহুল আলোচিত তাইম হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, ‘যাত্রাবাড়ীতে অত্যন্ত নৃশংসভাবে তাইমকে হত্যা করা হয়েছিল, সেই মামলার যুক্তিতর্কের শুনানিও কয়েক দিনের মধ্যে শুরু হবে। পাশাপাশি জিয়াউল আহসানের মামলার সাক্ষী-প্রমাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, এটিতেও আমরা আর বেশি সময় নেব না। আরও কয়েকটি মামলা বিচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
পরিশেষে চিফ প্রসিকিউটর পুনর্ব্যক্ত করেন, ‘জুলাইয়ের মামলাগুলোর তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করে আগামী এক বছরের মধ্যে সব বিচার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


