চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনার ভিডিও করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামের এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে তাদের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে ভৈরব কেন নিষেধ করেছিলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থীকে দেখা না করতে বলার জন্য ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা যায়।

বিষয়টি নিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি বৈঠক হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়া ওই সভায় দুই পক্ষেরই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বলে জানা গেছে। বৈঠকের একপর্যায়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ অনেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের একপর্যায়ে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের রইসুলের চশমা ভাঙাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও আরেক দফা সংঘর্ষ হয়।

শিক্ষার্থী ভৈরব বর্মণ বলেন, আমার সঙ্গে ঝামেলা করে পাঁচজন। শুক্রবার রাতে আমরা সবাই মিলে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিলাম। আলোচনা সুন্দরভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং আমার বন্ধুদের মারধর করে।

এ বিষয়ে চুয়েট শিক্ষার্থী মো. রাকিন ও আব্দুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

চুয়েট চিকিৎসা কেন্দ্র সূত্র জানায়, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে তিন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন।

এদিকে সংঘর্ষের সময় দৈনিক আমাদের সময় পত্রিকার চুয়েট প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনকে ভিডিও ধারণকালে মারধর করা হয়েছে। চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, সিসিটিভি দেখে সাংবাদিকের ওপর হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রকাশ করা হবে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একজন সাংবাদিকের ওপর হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...