ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী যৌথ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভার শুরুতেই প্রয়াত অ্যালামনাইদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

স্বাগত ভাষণে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই স্বাধীনতা-উত্তর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত মূল লক্ষ্যে পৌঁছে দিতে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রথম অর্ডিন্যান্স অনুযায়ী ইসলামী ও সাধারণ শিক্ষার সঠিক সমন্বয় বজায় রেখে অনুমোদিত বিভাগগুলো চালুর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তিনি উপস্থিত ডেলিগেটদের সামনে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, স্কুল, কলেজ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে এবং সংগঠনের অগ্রযাত্রায় অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অর্থসম্পাদক ড. শরীফ উদ্দিন প্রামাণিক সংগঠনের অর্থনৈতিক বিষয়গুলোর প্রতি সকল অ্যালুমনাইদের সদয় দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল করিম অ্যাসোসিয়েশনকে সার্বজনীন করার লক্ষ্যে জয়েন্ট স্টকে নির্ধারিত বিধি-বিধান ও অনুধারাগুলো সঠিকভাবে বাস্তবায়নের প্রতি দৃষ্টিপাত করেন।

দিনব্যাপী এই সভার আলোচনা পর্বে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, বিভিন্ন উপকমিটি, বিভাগ ও জেলাওয়ারী দায়িত্বপ্রাপ্ত ডেলিগেটরা অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন