রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মৌন অবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান ও সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

বিক্ষোভকারীরা এ সময় বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে কোনোভাবেই বিরত রাখা যাবে না। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন