চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া লরি ও মিনিবাসের সংঘর্ষে নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুসফিরাতের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ জাফর সাদেক।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের কুমিরা এলাকার ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে বেপরোয়া লরি ও মিনিবাসের সংঘর্ষে মাইশা মুসফিরাত নিহত হন। তিনি আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

