রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় সিপিজে এশিয়া।
গত ৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এই হামলার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী জড়িত বলে অভিযোগ রয়েছে।
প্রকাশিত সংবাদে বলা হয়, একটি আবাসিক হলের সামনে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করছিলেন দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধিরা। এ সময় লাঠি ও বেসবল ব্যাট নিয়ে তাদের ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় আহত চার সাংবাদিককেই পরে হাসপাতালে ভর্তি করা হয়।
সিপিজে তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ওই মারধরের ঘটনার ভিডিও ফুটেজ স্পষ্ট থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরদিন সুনির্দিষ্ট অভিযোগের বদলে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
সাংবাদিকরা যেন দেশের সব ক্যাম্পাসে নিরাপদে ও কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, বিবৃতিতে সরকারের কাছে সেই জোরালো আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিজে এশিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


