২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে ভর্তি পরীক্ষার মূল কমিটির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে ১৯ মার্চ ২০২৭, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২০ মার্চ এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। ভর্তি আবেদনের সময়সূচি, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।
গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। এখন পর্যন্ত গত বছরের গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের কোনোটি এবার গুচ্ছ ভর্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়নি।
গুচ্ছে থাকা ২০ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, আগের বছর গুচ্ছভুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ই এবারও ভর্তি প্রক্রিয়ায় থাকবে। এর বাইরে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন হবে।
যুক্ত হওয়ার অপেক্ষায় তিন বিশ্ববিদ্যালয়
গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে নতুন তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় তিনটি বর্তমানে শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হতে পারলে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রমও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


