‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’

‘চাঁদা না দিলেই লুটপাট, এভাবে দেশ চলতে পারে না’
সাদিক কায়েম

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, ছিনতাই ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, বিএনপির একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ এই হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর, ছিনতাই ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশে চাঁদাবাজি ও দখলদারির যে ত্রাস তৈরি হয়েছে, এটি তারই একটি ভয়াবহ নমুনা।’

বিজ্ঞাপন

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে। তারা যেন দেশটাকে নিজেদের জমিদারি মনে করে। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হামলা, ভাঙচুর, লুটপাট। মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা কিংবা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে।’

সরকারকে সতর্ক করে দিয়ে এই ছাত্রনেতা বলেন, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। নিজের দলের নব্য জমিদারদের লাগাম সরকার যত দ্রুত টেনে ধরতে পারবে, সেটা তাদের নিজেদের জন্যই মঙ্গলজনক হবে।’

সবশেষে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশকে আমরা আর কারও জমিদারিতে পরিণত হতে দেব না, এই দেশ হবে জনগণের।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন