আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম

গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শত শত নির্যাতন ও নিপীড়নের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা। ক্যাম্পাসগুলোকে জাহান্নাম বানিয়ে রেখেছিল ছাত্রলীগ। দুঃখের বিষয়, বর্তমান সরকার ও তাদের ছাত্রসংগঠন ঠিক আওয়ামী লীগের জেরক্স কপিতে রূপান্তরিত হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ক্যাম্পাসে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনা নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনাগুলো তুলে ধরেন। চিত্রপ্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের ওপর সংঘটিত বিভিন্ন ঘটনার স্মৃতি ও প্রেক্ষাপট তুলে ধরা হয়।

নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে অতীতের ক্যাম্পাস রাজনীতিতে সহিংসতা ও নিপীড়নের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সময়েও ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদদ হোসাইন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক। অনুষ্ঠানে বক্তারা ক্যাম্পাসে সব ধরনের নিপীড়ন, নির্যাতন ও সহিংসতা বন্ধ করে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও মতপ্রকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন