সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছে দিতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রোববার বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘তথ্য মেলা ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর কেবল রাজপথের ব্লকেড বা সহিংসতার ওপর নির্ভর না করে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যের পথ রুদ্ধ রাখে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় প্রশাসন পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
তথ্য প্রদানে প্রশাসনের স্বচ্ছতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, ‘নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা ও কর্মকর্তা-কর্মচারী-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও স্বচ্ছ।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

