চাকসুতে ছাত্রদলকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

চাকসুতে ছাত্রদলকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও দপ্তর সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন দুইজন প্রার্থী।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাঈদ মো. রেদোয়ান ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসাইন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মূলত ছাত্রদলের প্যানেলে সুযোগ না পাওয়ায় তারা পূর্বে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীতে সংগঠনটির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাঈদ রেদোয়ান ও সাখাওয়াত হোসেন বলেন, আমরা আজকের এ মুহূর্তে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে আত্মিক বন্ধন রয়েছে। আমরা এ সংগঠনকে হৃদয়ে ধারণ করি এবং সংগঠনের আদর্শ ও সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান করি।

তারা আরও বলেন, তাই আমাদের সংগঠন কর্তৃক মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও দপ্তর সম্পাদক প্রার্থী তৌহিদুল ইসলাম ভাইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।

কোন চাপ থেকে সরে এসেছে কিনা– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারা বলেন, দল থেকে কোনো চাপ নয়, বরং ব্যক্তিগত ও দলের প্রতি সমর্থন জানিয়ে আমরা নির্বাচন থেকে সরে এসেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন