মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শভভাগ, গড়ে ৯৯ দশমিক ৮৩ ভাগ পাস

মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শভভাগ, গড়ে  ৯৯ দশমিক ৮৩ ভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাস করলেও বাংলা মাধ্যমে অনুত্তীর্ণ হয়েছে পাঁচজন। সব মিলিয়ে কলেজটির গড় পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। অন্যদিকে মানবিক বিভাগ থেকে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

ফলাফলে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে মাইলস্টোন কলেজ।

প্রতিষ্ঠানটির এমন সাফল্যে আনন্দ-উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করেন। বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান।

এ সময় অভিভাবকেরা জানান, এইচএসসিতে ভালো ফলাফল তাদের সন্তানদের স্বপ্নপূরণের পথে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রত্যাশিত ফল অর্জনে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার সামগ্রিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানান তারা।

এইচএসসি পরীক্ষায় সাফল্য প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফলাফল বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই কাজটি দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।

এ সাফল্য অর্জনে কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন