অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ কাজে লাগানো ও ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতির সঙ্গে সমন্বয় করে দক্ষিণ এশিয়াকে কৌশল নির্ধারণ করতে হবে বলে এক পলিসি ডায়ালগে মন্তব্য করেছেন বক্তারা।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এন্ড ডিপ্লোম্যাসির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ড. আবদুল্লাহ ফারুক অডিটোরিয়ামে "ট্রাম্প ২.০: হোয়াট ইট মিনস ফর সাউথ এশিয়া?" শীর্ষক পলিসি ডায়ালগে এই মন্তব্য করেন তারা।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল এন্ড ডিপ্লোম্যাসির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মাহফুজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শফিউল আলম শাহীন বলেন, বৈশ্বিক বিষয়ে অর্থবহ আলোচনা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। বিশ্ব নেতৃত্বের পরিবর্তনশীল গতিপ্রবাহের মধ্যে টিকে থাকতে হলে আগেভাগেই সুপরিকল্পিত নীতি নির্ধারণ করা জরুরি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান তালুকদার। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, আইবিএ'র অধ্যাপক ড. রিদওয়ানুল হক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ওমর নাসিফ আবদুল্লাহ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার জাহিদুল ইসলাম মিয়াজি, বানিয়াস হারবারের সিইও সাদমান বিন কবির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা জয়নুল ইসলাম এবং জ্যেষ্ঠ সাংবাদিক সাকিব সরকার।
মূল প্রবন্ধে আতাউর রহমান তালুকদার বলেন, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় দক্ষিণ এশিয়ায় ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা বাড়তে পারে। পক্ষান্তরে বাংলাদেশের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। পাকিস্তান খুব বেশি লাভবান হবে না। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে সামরিক উপস্থিতি বাড়াতে পারে।
সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী বলেন, ট্রাম্প বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত থাকার বিষয়টি সীমিত রাখতে চান। তার মেয়াদে যুদ্ধের সম্ভাবনা কম থাকতে পারে, তবে বাণিজ্যনীতির কঠোরতা বাড়বে, যা বিশ্ববাজারে মূল্যস্ফীতির কারণ হতে পারে।
ঢাবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ট্রাম্পের অর্থনৈতিক নীতি সুরক্ষাবাদী, যা চীনের ওপর কঠোর অবস্থানের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের উচিত আমদানি বৈচিত্র্যময় করা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

