শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মুসলিমপুরে দুর্ঘটনায় নিহতরা হলেন—উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। এদের মধ্যে আবু হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) এবং হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন। অন্যদিকে দুপুরে দুর্ঘটনায় মারা যান—উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে কানসাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসাদ ও জাবের নামে দুইজন মারা যান।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন