জাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি পদে ২০ জন

জাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ভিপি পদে ২০ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের তালিকা থেকে দেখা যায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী রয়েছে ২০ জন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক ৯টি, সহসাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি,

তথ্য, প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ১৪টি, নারী সহ-সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৫টি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক ১২টি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যকরি সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যকরি সদস্য পদে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এদিকে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানিয়েছিলেন কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছে।

তবে খসড়া প্রার্থী তালিকা থেকে দেখা যায়, সর্বমোট ২৫৬ জনের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ২০ জন প্রার্থী বাদ পড়েছেন। মনোনয়নপত্রে অপর্যাপ্ত তথ্য দেওয়ার জন্য ১৯ জন এবং একজনের নিয়মিত ছাত্রত্ব না থাকার কারণে বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে। এদিকে প্রাথমিক বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আপিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ছাত্রদলের প্যানেল ঘোষণা আজ

এদিকে এ পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঝুলে আছে ছাত্রদল ও বামপন্থিদের প্যানেল ঘোষণা। তবে আজ ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে শিবির প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি

জাকসু নির্বাচন ঘিরে একাধিক অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে তারা সোমবার দুপুরে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে।

অভিযোগে তারা জানায়, নির্বাচনি আচরণবিধি উপেক্ষা করে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন, বিভিন্ন হলে পোস্টারিং, বহিরাগতদের সমাগম ঘটানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের হেয়প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক মন্তব্য ও বুলিংয়ের ঘটনাও ঘটছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন