জাতীয় মৎস্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঞ্চ, অনুষ্ঠানস্থলের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজন ঘুরে দেখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক খাদেল সাইফুল্লাহ সোহেল, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (১৬ আগস্ট) কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে জাতীয় মৎস্য দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্টরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

