পবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম

পবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম
অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ওশানোগ্রাফি অনুষদের ডিন।

বিজ্ঞাপন

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—বলবৎ থাকবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম বগুড়ার সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ২০০২ সালে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে পবিপ্রবির মৃত্তিকাবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে কর্মরত।

এর আগে তিনি পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের ডিন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলনবিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করে ২০১৭ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া চলনবিলের মাটি ব্যবস্থাপনা নিয়ে তিনি একটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মাহমুদ অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলামের উপ-উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ! এটি আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। আমার ওপর অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনের মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চাই।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন