ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। বিএনসিসি হেডকোয়ার্টার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।
র্যালিতে অংশ নেওয়া ক্যাডেটরা ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বার্তা প্রচার করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদেরও ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।
সচেতনতামূলক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফরা অংশ নেন। এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরাও ব্যান্ড পার্টিসহ র্যালিতে অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

