রংপুরে জামায়াত সেক্রেটারি

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

চারজন হত্যাকাণ্ডের ক্লু বের করতে না পারা সরকারের চরম ব্যর্থতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ছয় মাসে ৫৫০টি খুনের ঘটনা ঘটেছে। অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও সার সংকটেও ভুগছেন সাধারণ মানুষ। সরকার এসবের দায় এড়াতে পারে না। সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায়ও তিনি চরম হতাশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রংপুর নগরীতে মহানগর জামায়াত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষক পরিবারের সাম্প্রতিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ওই হত্যাকাণ্ডের এখনো কোনো ক্লু বের করতে পারল না। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা বলছেন এক ধরনের কথা আবার গণমাধ্যমে আরেক ধরনের কথা দেখতে পাচ্ছি। হত্যাকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না।

এ হত্যাকাণ্ডকে অমানবিক, বর্বর, পৈশাচিক ও ঘৃণ্য আখ্যায়িত করে বলেন, একটা শিক্ষিত পরিবারের সব সদস্যকে নৃশংসভাবে হত্যা করার পরও প্রশাসন ও সরকারের গোয়েন্দা বিভাগ কোনো কার্যকর পদক্ষেপ নিল না। তাহলে এ সমাজে আমাদের নিরাপত্তা কোথায়?

জামায়াত সেক্রেটারি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে অবিলম্বে হত্যার কারণ খুঁজে বের করার দাবি জানান। আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, শূরা কমিটির সদস্য মমতাজ, মহানগর আমির এটিএম আজম খানসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন