সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাসহ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান এবং মির্জা গোলাম রায়হানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা বলেন, যে ঘটনাকে কেন্দ্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে, ওই সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলে ছিলামই না। তখন আমি পুরান ঢাকায় অবস্থান করছিলাম। নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে চঞ্চলের লোকজনের সংঘর্ষ হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের আহত হওয়ার ছবি দেখে ঘটনাস্থলে যাই। তবে ততক্ষণে সংঘর্ষ প্রায় শেষ পর্যায়ে ছিল এবং পরিস্থিতি শান্ত করতে ততক্ষণে ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়কও সেখানে উপস্থিত ছিলেন।
বহিষ্কারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে জুলহাস বলেন, দলীয় দুঃসময়ে দায়িত্ব পালন করেছি এবং ৫ আগস্টের পর কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াইনি। কেন্দ্রীয় ছাত্রদলের কাছে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। একই সঙ্গে আমার বিরুদ্ধে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ থাকলে এর চেয়েও বড় শাস্তি মেনে নেব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হলে অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলেও আশাবাদ জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


