জাবিতে উপ-উপাচার্য পদে রদবদল

শিক্ষায় অধ্যাপক শামছুল ও প্রশাসনে অধ্যাপক নজরুল

জাবি প্রতিনিধি

শিক্ষায় অধ্যাপক শামছুল ও প্রশাসনে অধ্যাপক নজরুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে নতুন করে দুই অধ্যাপককে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ যেটি আগে হবে, ততদিন পর্যন্ত তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন তারা। একই সঙ্গে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার শর্তও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উপ-উপাচার্য(প্রশাসন) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করতে যেতে অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন,আমাকে উপ উপাচার্য (প্রশাসন) হিসাবে নিয়োগ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষককতা জীবনের শুরু থেকেই ক্যাম্পাসে অবস্থান করছি। ক্যাম্পাসের বিভিন্ন সংকট সম্পর্কে আমি অবগত। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে সাথে নিয়ে সকল সংকট মোকাবেলা করে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।

অপরদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়ে অনুভূতি প্রকাশ করে যেয়ে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর নিকট এবং ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়কে।

এরআগে পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে সদ্য বিদায়ী দুই উপ-উপাচার্যের নিয়োগ বাতিল করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...