খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

প্রতিনিধি, খুবি

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

খুলনা মহানগর পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যুর ঘটনায় ধাক্কা দেওয়া প্রাইভেটকার উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার পিতার সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পিছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে মৌমিতা রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন।

পরবর্তীতে ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি নীল রঙের টয়োটা (রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭) উদ্ধার করে জব্দ করা হয়।

এর ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রাইভেটকারটির চালক মো. আহাদ শেখ সৈকত (২৬) কে খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...