ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির সুযোগ রয়েছে।
ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হাইদার এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে চাকরির সুযোগ। আগ্রহী চাকরি-প্রত্যাশীরা অংশগ্রহণকারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি নিজেদের সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির ধরন, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানার সুযোগ থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, জমা দেওয়া সিভিগুলোর ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে। ফলে শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে চাকরির আবেদন ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। বিশেষ করে চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর কার্যক্রম চলবে। এতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
চাকরির সুযোগের পাশাপাশি আয়োজনটিতে বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন কর্মসূচিও থাকবে। দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জানার সুযোগ তৈরি হবে।
এ ছাড়া অনুষ্ঠানে থাকবে ‘China-Bangladesh Food Zone’। সেখানে দর্শনার্থীরা চীনা ও বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি খাবার কেনার সুযোগ পাবেন। ফলে চাকরি ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি খাবারের বৈচিত্র্যও অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ‘Sino-Bangla Friendship Scholarship & Bursary Award Ceremony’। এতে চীনা ভাষা শিক্ষায় কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে। এর মধ্য দিয়ে চীনা ভাষা শিক্ষা ও দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানবিনিময়কে উৎসাহিত করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

