সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শুক্রবার (৭ আগস্ট) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে মোহাম্মদ ফয়সাল হোসেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই অপরাধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। অনুষ্ঠানস্থলে মন্ত্রীকে বরণ করে নেওয়ার পর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগোতে থাকেন। এ সময় সদস্য সচিবকে পেছনে ঠেলে দিয়ে সামনে থাকেন ফয়সাল। একপর্যায়ে সে শাখা ছাত্রদলের অন্যান্য নেতাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে শোকজপ্রাপ্ত মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, আমি এ বিষয়ে বিস্তারিত জানি না। দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে, পরে জানাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

