ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারসহ জবি ছাত্রদলের ৫ দাবি

ফ্যাসিবাদের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারসহ জবি ছাত্রদলের ৫ দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান, অস্থায়ী আবাসন নির্মাণ, ছাত্রলীগ ও ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষক-কর্মকর্তাদের বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এর আগে তারা উপাচার্য ও কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার স্মারকলিপি প্রদান শেষে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় তারা সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, পরিচালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন। উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান রুমি, সুমন সর্দার, রবিউল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের পাঁচ দফা দাবি

১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান করতে হবে এবং ১লা জুলাই ২০২৫ থেকে তা কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা সকল শিক্ষার্থীদের অবহিত করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৭ একর জমিতে আগামী ১ মাসের মধ্যে অস্থায়ী আবাসনের কাজ শুরু করতে হবে এবং অবশ্যই তা আগামী ০৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

৩. ছাত্রদলের পক্ষ থেকে পূর্বে প্রদানকৃত স্মারকলিপিতে ১ মাসের বেঁধে দেওয়া সময়ের ১০ দিন বাকি রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আগের তালিকা অনুযায়ী ছাত্রলীগের শিক্ষার্থীদের ও নতুন প্রদত্ত তালিকা অনুযায়ী ফ্যাসিবাদের দোসর ৬৮ জন শিক্ষক ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ প্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫. বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জকসু প্রক্রিয়া তরান্বিত করতে হবে।

আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রনেতারা হামলার শিকার হয়েছেন। সেই হামলার সঙ্গে জড়িত এবং ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী ছাত্রলীগের দ্বারা নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছে এবং স্বৈরাচারকে প্রমোট করেছে—এমনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যেন ব্যর্থতার দায় নিতে বাধ্য না হয়।”

এর আগে, গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৪২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনে উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয় শাখা ছাত্রদল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন