জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন গঠনের প্রক্রিয়ায় মধ্যমপন্থী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা, মূলধারার রাজনীতিতে নারীদের রাজনৈতিক মানস বিনির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহাল করাসহ সাত দফা প্রস্তাবনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সোমবার বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনাগুলো পেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, সহ-সমন্বয়ক হাসিব আল ইসলামসহ আরো অনেকে।
বক্তব্য প্রদানকালে আব্দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে চলে আসা বিভাজনের রাজনীতির পৃষ্ঠপোষক এবং সুবিধাভোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের দখল।লেজুড়বৃত্তিক রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কীভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা আমরা জুলাই গণ-অভ্যুত্থানে দেখেছি।
তিনি আরো বলেন, বিগত দিনের রাজনীতিতে নারীদের রাজনৈতিক চিন্তা বিকাশ ও প্রকাশের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করেছে।ছাত্ররাজনীতিকে কেবল ডান ও বাম ঘরানার রাজনীতির বাইনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে। বর্তমানে নতুন ছাত্ররাজনীতিতে তাই আমাদের পরিকল্পিত প্রস্তাবনা খুবই জরুরি।
এসময় সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন আবু বাকের মজুমদার। প্রস্তাবনাগুলো হলো-
আদর্শিক ও 'বাইনারি কালচারাল' দ্বন্দ্বের বাহিরে গিয়ে মধ্যমপন্থী ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা; জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না; মূলধারার রাজনৈতিক পরিসরে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণের মাধ্যমে নারী-পুরুষ জন্য সমান সুযোগ সৃষ্টি করা; শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্ররাজনীতির প্রতিশ্রুতি দেওয়া; শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালে সর্বোচ্চ গুরুত্বারোপ করা; ছাত্র-নাগরিক সংহতি রক্ষার মাধ্যমে ছাত্র-নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা; বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং ১৯৪৭, '৫২, '৬২, '৬৬, '৬৮, '৬৯, '৭১, '৯০ ও '২৪-এর সকল গণআন্দোলন এবং ছাত্রজনতার সংগ্রামী চেতনাকে ভিত্তি করে ছাত্ররাজনীতি সক্রিয় রাখা।
এসময় বাংলাদেশে নতুন ছাত্ররাজনীতি স্বকীয়তা সমুজ্জ্বল রাখবে ও শিক্ষার্থীর অধিকার আদয়ের আন্দোলনে আপসহীন ও দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

