ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সায়মনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
এর আগে শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ স্ট্রোক করেন সায়মন। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সায়মনের সহপাঠী সৌরভ বলেন, ‘আমার বন্ধু জাহিদুল ইসলাম সায়মন সকালে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে সে খাট থেকে পড়ে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি। পরে দেখি তার শরীর শক্ত হয়ে গেছে। তখন তাকে তুলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই এবং ইমার্জেন্সিতে ভর্তি করাই।’
তিনি বলেন, ‘প্রথমে আমরা বুঝতে পারছিলাম না তার কী সমস্যা হয়েছে। পরে সিনিয়র ভাই ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করি। স্যাররা দেখে জানান, সে স্ট্রোক করেছে। এর আগেও সে দুবার স্ট্রোক করেছিল। এরপর স্যাররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।’
সৌরভ আরো বলেন, পরবর্তীতে এখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন সম্ভব না হওয়ায় আজ তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমাকে জানানোর পর তৎক্ষণাৎ আমরা আইসিইউর ব্যবস্থা করি। চিকিৎসকেরা তার দেখাশোনা করেছেন। তারা বিশ্লেষণ করে বলেছেন, আরো উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা দরকার। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’
তিনি বলেন, ‘সড়কপথে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই আমরা এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের বলব, তার জন্য সবাই দোয়া করবেন। সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

