ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় রাজনীতির বাইরে গিয়ে গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখতে হবে। গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য ডাকসু একটি মডেল হতে পারে বলে মন্তব্য করেছেন চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
মঙ্গলবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ভিপি-জিএস পদপ্রার্থীদের উদ্দেশে চিফ রিটার্নিং অফিসার এ কথা বলেন।
ড. জসিমউদদীন বলেন, ‘২০ তারিখ পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। এরপর থেকে আমরা মাইলস্টোন ধরে ধরে কাজ করে এগিয়েছি। ৫২-৬৯-৭১-৯০ এবং ২৪ এ বাংলাদেশকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই ডাকসু প্রার্থীদের কাছে তোমরা সেই গণতান্ত্রিক ধারা বজায় রাখবে। ভিপি-জিএস পদপ্রার্থীদের আহ্বান জানাবো দলীয় রাজনীতির বাইরে গিয়ে গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখবে। গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য ডাকসু একটি মডেল হতে পারে।
তিনি বলেন, ‘ডাকসু নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই যে পরিমাণ প্রেস যে পরিমাণ কভারেজ দিয়েছে তা আমি কখনো দেখিনি। Let's make a historic DUCSU।’
রিটার্নিং অফিসার অধ্যাপক শামীম রেজা বলেন, ‘এটা অনেক আনন্দের সময়। তাই আপনাদের সবার সাথে কুশল বিনিময় করার জন্য আমরা ডেকেছি। আমরা খুব সংক্ষেপে আচরণবিধি এবং ক্যাম্পাসে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা নিয়ে আলোচনা করবো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


