টিফিনের বিরতি শেষে আর স্কুলে ফেরা হলো না আট বছরের জান্নাতুল মাওয়ার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী।
রোববার দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জান্নাতুলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বিদ্যালয় ও পুরো এলাকায়।
নিহত জান্নাতুল মাওয়া কুমিরা ইউনিয়নের উত্তর কাজীপাড়া গ্রামের রাজমিস্ত্রি শহীদুল্লাহর মেয়ে। সে ছোট কুমিরা মছজিদ্দা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো সেদিনও সকালে স্কুলের পোশাক পরে বই-খাতা নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল জান্নাতুল। কিন্তু বিকেলে বাড়িতে ফিরে নিথর দেহ হয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতির সময় জান্নাতুল এক সহপাঠীর সঙ্গে মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত ওই সহপাঠীর বাড়িতে যায়। সেখানে খাবার খেয়ে বিদ্যালয়ে ফেরার পথে ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন আমার দেশকে বলেন, ঢাকা অভিমুখী লেনে ছোট কুমিরা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় স্কুলছাত্রী জান্নাতুল মাওয়া গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত এস আলা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
নিহতের বাবা শহীদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে প্রতিদিনের মতো মেয়েকে স্কুলে পাঠিয়েছিলেন। দুপুরের পর এমন খবর পাবেন, তা কখনো ভাবেননি। একমাত্র মেয়েকে হারিয়ে তিনি ও তার পরিবার শোকে ভেঙে পড়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জান্নাতুল নিয়মিত স্কুলে আসত এবং পড়াশোনায় মনোযোগী ছিল। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই শোকাহত। সহপাঠীরাও তাদের প্রিয় বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

