বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাই করা শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা।
মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে দ্য বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশন। সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মিডিয়া পার্টনার ছিল সময় জার্নাল।
উদ্বোধনী অনুষ্ঠানের পর যেকোনো আসক্তি থেকে উত্তরণের উপায়, ক্যারিয়ার নির্বাচনে গাইডলাইন, মাদকে কেন আসক্ত হয় ও পরিত্রাণের উপায়, ডোপ টেস্ট কী, কেন জরুরি, ইন্টারনেটে আসক্তি ও তা থেকে রক্ষার উপায়—বিষয়গুলো নিয়ে সেশন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ও বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ।
অংশগ্রহণকারীদের জন্য মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, তাজদিন হাসান, শাহেদুল ইসলাম হেলাল ও নিয়াজ আলী চিশতী।
সেশন শেষে কুইজের আয়োজন করে সময় জার্নাল। এতে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান ও সংসদ সদস্য হেলেন জেরিন খান।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


