বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বার্মিংহামে। সভাটি অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার রাতে, বার্মিংহামের একটি স্থানীয় হলরুমে।
এতে বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অ্যাডভোকেট এমরান আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
বার্মিংহাম জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহর সভাপতিত্বে ও বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম বাবরুল ও যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আহমেদের যৌথভাবে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমেদ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড, সিলেট-৬ আসনের উন্নয়ন পরিকল্পনা এবং দলের প্রতি তাঁর অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসীরা দেশের অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ। আপনাদের ভালোবাসা, শ্রম ও অবদানের কথা দেশ কখনো ভুলবে না। আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের রাজনৈতিক লড়াইয়ে অনুপ্রেরণা।”
তিনি আরো বলেন, “আমি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর স্বার্থে, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য রাজনীতি করি। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে জনগণের পাশে থাকতে চাই সর্বদা।”
বক্তব্য প্রদানকালে বক্তারা অ্যাডভোকেট এমরান আহমেদের রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের দক্ষতা, সাহসিকতা এবং দলের প্রতি তাঁর অবদান ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, এমরান আহমেদ শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি একজন সংগ্রামী সৈনিক, যিনি রাজপথে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।
সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক এম এ মশাহিদ তালুকদার, কেন্দ্রীয় জাসাস-এর যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সহ-আন্তর্জাতিক সম্পাদক ফয়ছল আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসাইন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আয়াস আহমেদ, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবজার হোসাইন, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মুস্তফা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মোস্তফা লিমন, অলি ওয়াদুদ, আবুল আহমেদ কামাল, কায়সারুল ইসলাম সুমন, শফিক আলী, মুজিবুর রহমান চৌধুরী, রফিকুর রহমান রফু, মজনু মিয়া, সৈয়দ মাহমুদ, এমরান আহমেদ, সুহেল আহমেদ, মনোয়ার হুসাইন ও শামীমুর রহমান জামিল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের শান্তি, ঐক্য ও সমৃদ্ধির জন্যও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

