এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

প্রবাস ডেস্ক

এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

সমাজসেবা ও দাতব্য কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের রাজার পক্ষ থেকে এমবিই সম্মানে ভূষিত হতে যাচ্ছেন আবু তাহের।

আগামী ১৩ মে রাজা তৃতীয় চার্লস তার রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মান প্রদান করবেন। ইতিমধ্যেই এমবিই হিসাবে তার নাম ঘোষিত হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের লন্ডনবাসী আবু তাহের একজন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি নেতা, সাহিত্যিক ও পেশাদার একাউটেন্ট। পেশাগত জীবনে যেমন রয়েছে তার সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি সাংস্কৃতিক ও মানবিক কাজেও রয়েছে তার অনুকরণীয় অবদান।

তার পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে। পিতা মরহুম মক্তার আলী এবং মাতা মরহুমা মাছুমা খাতুন।

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগী আবু তাহের ছাত্রজীবনেই লেখালেখির সঙ্গে যুক্ত হন, যা পরবর্তীতে তার সাহিত্যিক যাত্রার ভিত্তি রচনা করে। ছড়া-কবিতা, প্রবন্ধ ও নাটক রচনায় সমান দক্ষতার অধিকারী এই লেখকের সৃষ্টিকর্মে প্রবাসজীবন, মানবতা, সমাজসচেতনতা এবং সাংস্কৃতিক পরিচয়ের গভীর প্রতিফলন পরিলক্ষিত হয়। তার প্রকাশিত বই ও প্রচারিত নাটকের সংখ্যা দশের অধিক।

বিলেতে নতুন প্রজন্মের লেখকদের অনুপ্রাণিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে ব্রিটিশ-বাংলাদেশি তরুণদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে তার অবদান উল্লেখযোগ্য।

দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজ, সাংস্কৃতিক নেতৃত্ব এবং মানবিক উদ্যোগের মাধ্যমে আবু তাহের সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই কর্মযজ্ঞ লন্ডনের বৈচিত্র্যময় কমিউনিটি এবং বাংলাদেশে সমানভাবে প্রশংসিত ও সম্মানিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন