চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া বহুল কাঙ্ক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র জন্য যখন ভক্তরা প্রহর গুনছেন, ঠিক তখনই বড় চমক নিয়ে এলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)। বড় পর্দায় আবার ফিরছে ২০১৯ সালের ব্লকবাস্টার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। তবে এটি নিছক পুনর্মুক্তি নয়; নতুন দৃশ্য ও রহস্য নিয়ে ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’।
একই দিনে সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সেও দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। এ ছাড়া মার্ভেল উন্মাদনার সঙ্গে অ্যাকশনপ্রেমীদের জন্য বাড়তি উপহার হিসেবে সিনেপ্লেক্সে একই দিন থেকে দেখা যাবে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন থ্রিলার ‘মিউটিনি’।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ আগামী ডিসেম্বরের ‘ডুমসডে’ বোঝার সুবিধার্থে মার্ভেল সম্প্রতি ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা দিয়েছে। তারই সূত্র ধরে ও গল্পের যোগসূত্র ঝালিয়ে নিতে আসছে এই বিশেষ সংস্করণ। প্রায় ৪ মিনিটের নতুন দৃশ্য, একটি নতুন ভূমিকা এবং অতিরিক্ত ক্রেডিট দৃশ্য যুক্ত হয়ে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়াচ্ছে ১৮৫ মিনিটে। টনি স্টার্কের আত্মত্যাগ, নাতাশার বলদান কিংবা ক্যাপ্টেনের হাতে মজলনির ফিরে আসার আবেগঘন মুহূর্তগুলোর পাশাপাশি এই নতুন ফুটেজেই লুকানো রয়েছে ‘ডুমসডে’র ভবিষ্যতের বিশেষ ইঙ্গিত।
পরিচালক জো রুশোর মতে, ‘এনকোর’ মূলত পরবর্তী অধ্যায়ের সেতু হিসেবে কাজ করবে। নতুন সংস্করণের ট্রেলারটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টায় ৭৭ মিলিয়ন ভিউ পেয়ে রি-রিলিজ ট্রেলারের ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েছে। অন্যদিকে, অগ্রিম টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’—শুধু উত্তর আমেরিকার বাজারেই প্রায় ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে।
‘মিউটিনি’ হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জেসন স্ট্যাথাম এবার পর্দায় আসছেন কার্গো জাহাজের রুদ্ধশ্বাস লড়াই নিয়ে। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত ‘মিউটিনি’ সিনেমাটিতে নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা কোল রিডের চরিত্রে অভিনয় করেছেন স্ট্যাথাম।
গল্পে দেখা যাবে, এক ধনকুবের বসের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করার সময় চোখের সামনেই বস খুন হন এবং সেই দায় এসে পড়ে রিডের ওপর। নিজেকে নির্দোষ প্রমাণ ও আসল খুনিদের ধরতে কার্গো জাহাজে পালিয়ে উঠে সমুদ্রের মাঝখানে আন্তর্জাতিক ষড়যন্তের মুখোমুখি হন তিনি। জেসন স্ট্যাথাম ছাড়াও অ্যানাবেল ওয়ালিস ও রোল্যান্ড মোলার অভিনীত ‘আর রেটেড’ এই সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের অ্যাকশন ও থ্রিলের তুঙ্গে রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

