বাংলা গানের অন্যতম উজ্জ্বল অধ্যায়, সুরের জাদুকর এন্ড্রু কিশোরের জন্মবার্ষিকী আজ। ১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন এই নন্দিত কণ্ঠশিল্পী। জীবিত থাকলে আজ ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করতেন তিনি। সুরের মায়াজালে কোটি মানুষের হৃদয় জয় করা এই শিল্পী চার বছর আগে পরপারে পাড়ি জমালেও রেখে গেছেন হাজারো কালজয়ী গান আর অগণিত স্মৃতি।
জন্মবার্ষিকী উপলক্ষে প্রিয় বন্ধু ও শিল্পীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের জ্যেষ্ঠ টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্মারকলিপিতে তিনি লিখেছেন, “শিল্পী এন্ড্রু কিশোর—একজন আদর্শ মানুষ। খ্যাতির চাইতে যার কণ্ঠের দ্যুতিই ছিল বেশি। তার গাওয়া অসংখ্য গান আজও অম্লান, কালজয়ী।”
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঙ্গে এন্ড্রু কিশোরের ছিল নাড়ির টান। হানিফ সংকেত উল্লেখ করেন, “বাংলা গানের ঐশ্বর্য এন্ড্রু কিশোর ছিলেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী। শুধু ‘ইত্যাদি’র জন্যই তিনি গেয়েছিলেন প্রায় অর্ধশতাধিক গান, যার অধিকাংশই দেশাত্মবোধক। তার সেই প্রাণস্পর্শী কণ্ঠের দেশপ্রেম আজও আমাদের আলোড়িত করে। মৃত্যুর আগে টিভিতে তার শেষ গানটিও গেয়েছিলেন ‘ইত্যাদি’তেই।”
শিল্পীর প্রতি অমলিন শ্রদ্ধা জানিয়ে হানিফ সংকেত আরও লেখেন, “আমাদের মাঝে না থাকলেও তিনি বেঁচে আছেন তার প্রতিটি সুরে, গানে আর শ্রোতাদের হৃদয়ের অন্তিম গভীরে। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। ওপারে ভালো থাকুন, বাংলা গানের এই চিরসবুজ ঐশ্বর্য।”
উল্লেখ্য, ‘ইত্যাদি’র মঞ্চে এন্ড্রু কিশোরের কণ্ঠে বহু গান সর্বস্তরের শ্রোতাদের কাছে বিপুল জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘পদ্ম পাতার পানি নয়’ গানটি স্থান করে নিয়েছে কালজয়ী গানের তালিকায়। এছাড়া ‘এক গাঁয়ের এক কিষাণ বধূ’ কিংবা ‘পায়নি এবারও ছুটি’র মতো অসংখ্য গান আজও শ্রোতাদের মনে চিরভাস্বর হয়ে আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

