সালমান শাহ হত্যা মামলা

ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর

ঢালিউডের জনপ্রিয় ও ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

একই দিন বিকেলে সিআইডি ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, রাজসাক্ষী রিজভী আহমেদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জবানবন্দি অনুযায়ী, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সালমান শাহকে হত্যার জন্য ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল।

হত্যা পরিকল্পনার পাশাপাশি ডন ও ডেভিডের বিরুদ্ধে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণ চেষ্টার অভিযোগও রয়েছে। মামলা তুলে নিতে চাপ প্রয়োগের উদ্দেশ্যে বিল্টুকে অপহরণের পরিকল্পনা করার সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরবর্তীতে ২৪ জুলাই তিনি আদালতে এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে অপমৃত্যু বনাম হত্যা মামলার আইনি জটিলতা শেষে গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা আদালতের নির্দেশে রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন। সেই ধারাবাহিক আইনি প্রক্রিয়াতেই অবশেষে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন খল অভিনেতা ডন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন